রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রান্নার গ্যাসে বাড়তি খরচ, ১২ কেজি সিলিন্ডারে যোগ হলো ৭০ টাকা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

তিন মাস পর আবার বাড়ল রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকা থেকে ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

- Advertisement -

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগস্ট মাসের জন্য নির্ধারিত এই নতুন দর রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

আগস্টের জন্য বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম খুচরা পর্যায়ে মূল্য সংযোজন করসহ (মূসক) ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, জুলাইয়ে যা ছিল ১২৭ টাকা ৩০ পয়সা। সে হিসাবে প্রতি কেজিতে দাম বেড়েছে ৫ টাকা ৮৫ পয়সা। এই সমন্বয়ের ফলে বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামেও পরিবর্তন এসেছে—৫.৫ কেজির সিলিন্ডার ৭৩২ টাকা, ১২.৫ কেজির ১ হাজার ৬৬৪ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৯৭ টাকা, ১৬ কেজির ২ হাজার ১৩০ টাকা, ১৮ কেজির ২ হাজার ৩৯৭ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৬৩ টাকা, ২২ কেজির ২ হাজার ৯২৯ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৩২৯ টাকা, ৩০ কেজির ৩ হাজার ৯৯৫ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৩৯৪ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৬৬০ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯২ টাকা।

এ ছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৩ টাকা ২৭ পয়সা বাড়িয়ে ৭৩ টাকা ৬৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর আগস্ট মাসের প্রোপেন ও বিউটেনের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইজ) অনুযায়ী এই দাম নির্ধারণ করা হয়েছে। আগস্টে প্রোপেনের সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬২০ ডলার এবং বিউটেনের দর ৬৪০ ডলার ধরা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৩৩ ডলার বিবেচনায় নেওয়া হয়েছে, যেখানে জুলাইয়ে এই গড় দর ছিল ৫৯৩ ডলার—অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রতি মেট্রিক টনে ৪০ ডলার বেড়েছে। এর সঙ্গে জাহাজ ভাড়া, ব্যবসায়ীর প্রিমিয়াম ও ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে আগস্টের দাম চূড়ান্ত করা হয়েছে।

রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির কেজিপ্রতি দাম মূসকসহ নির্ধারণ করা হয়েছে ১২৯ টাকা ৪০ পয়সা, আর গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৮৭ টাকা ৫০ পয়সা। তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে—১২.৫ কেজির সরকারি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সাই বহাল থাকবে।

উল্লেখ্য, এর আগে জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা করা হয়েছিল, আর জুনে ৫৫ টাকা কমিয়ে করা হয়েছিল ১ হাজার ৮৮৫ টাকা। এর আগে ১৯ এপ্রিল দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা এবং ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসি সতর্ক করে বলেছে, এলপিজি মজুত ও বোতলজাতকরণ, পরিবেশক এবং খুচরা বিক্রেতা—কোনো পর্যায়েই কমিশন নির্ধারিত দামের বেশি দামে বোতলজাত এলপিজি, রেটিকুলেটেড এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।

সর্বশেষ

এই বিভাগের আরও