শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জোরারগঞ্জে ১৩০ বোতল বিদেশি মদসহ ৩ মাদক কারবারি আটক

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

চট্টগ্রামের জোরারগঞ্জে অভিযান চালিয়ে ১৩০ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

- Advertisement -

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট বাজারের উত্তর পাশে খান সিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি চক্র ফেনী সদর থানার ধর্মপুর এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে পিকআপ ভ্যানে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করা হয়।

তল্লাশির সময় সন্দেহভাজন পিকআপ ভ্যানটি থামানোর সংকেত দিলে চালকসহ তিনজন পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—খাগড়াছড়ির রামগড় থানার নাকাপা এলাকার মো. নুর আলম (৩৩), মো. শেখ ফরিদ (৩৬) এবং ফেনী সদর থানার মটুয়া এলাকার মো. শফিউল আলম ভূঁঞা (৩৪)।

পরে পিকআপ ভ্যানটির পেছনের অংশে থাকা ছয়টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে মোট ১৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এসআরবি-৭ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে বিদেশি মদ কিনে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন।

আটক তিনজন ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭।

সর্বশেষ

এই বিভাগের আরও