বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

চার দিনের ব্যবধানে আবারও কমল সোনার দাম, কমেছে রুপাও

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। চার দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ দাম কমানোর ঘোষণা দিয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হয়েছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, দেশের বাজারে হলমার্ক করা প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার গয়না ভ্যাটসহ ১৯ হাজার ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে এদিন সকাল ১০টা পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায় বিক্রি হয়েছে। ওই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

গত ৯ অক্টোবর সোনার দাম কিছুটা বাড়ানো হয়েছিল। চার দিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। একই সময়ে ২১ ক্যারেটে কমেছে ৩ হাজার ১৪৯ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ২ হাজার ১৫৬ টাকা।

দাম কমানোর কারণ হিসেবে বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

রেকর্ডের পর রেকর্ড গড়ে গত ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৫০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছিল। ওই দিন প্রতি আউন্সের দাম ৫ হাজার ৫১১ ডলার ২৮ সেন্ট পর্যন্ত উঠেছিল। এরপর থেকে ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় বিশ্ববাজারের স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ১৮৫ ডলার ৬৮ সেন্ট। গত ২৩ মার্চ স্পট মার্কেটে সোনার দাম এক পর্যায়ে কমে ৪ হাজার ১০০ ডলারে নেমেছিল, যা ছিল গত বছরের ১১ ডিসেম্বরের পর সর্বনিম্ন।

সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে সারা দেশে হলমার্ক করা প্রতি গ্রাম ২২ ক্যারেট রুপার গয়না ভ্যাটসহ ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা। এর আগে সকাল ১০টা পর্যন্ত প্রতি ভরি রুপা বিক্রি হয়েছে ৪ হাজার ৩১৬ টাকায়। সে হিসাবে ভরিতে রুপার দাম কমেছে ১১৭ টাকা।

সর্বশেষ

এই বিভাগের আরও