মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীরা মিলেমিশে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।’
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা রামকৃষ্ণ সমিতির উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পূজামণ্ডপ থেকে মিঠাছরা মহামায়া মন্দির হয়ে মিরসরাই কালী বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করে আবার মূল পূজামণ্ডপে এসে শেষ হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য নুরুল আমিন।
মিঠানালা রামকৃষ্ণ সমিতির সভাপতি জহর লাল রায়ের সভাপতিত্বে এবং মাস্টার তপন ধুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অনির্বাণ চৌধুরী রাজীব, কেন্দ্রীয় যুবদলের সদস্য আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রাহেল, মিঠানালা রামকৃষ্ণ সমিতির সাধারণ সম্পাদক রাজীব কুমার নাহা, সনজিত কুমার নাহা, সাবেক এএসপি অপ্পেলা রাজু নাহা এবং সমিতির ক্রীড়া, মিডিয়া ও সাংস্কৃতিক সম্পাদক রানা নাহা।
এ সময় উপস্থিত ছিলেন মিঠানালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউর রহমান চৌধুরী তফন, বিএনপি নেতা আব্দুল আউয়াল তারেক মেম্বার, উপজেলা ক্রীড়া ছাত্রদলের আহ্বায়ক তরিকুর রহমান বাবু, সদস্যসচিব নাঈম সরকার, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারক ম্যাগাজিন ‘শারদাঞ্জলি’র মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বিজশ্রী কুমার নাহা গীতা পাঠ করেন।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করে চট্টগ্রামের ব্যান্ড দল ‘দ্য মেলোডি’।

