চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) ওয়াচার কনস্টেবলদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দায়িত্ব পালনে আরও কার্যকর করে গড়ে তুলতে তিন দিনব্যাপী ‘দক্ষতা উন্নয়ন কোর্স ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় সিএমপির মাল্টিপারপাস শেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।
সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের মূল লক্ষ্য হলো ওয়াচার কনস্টেবলদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে সক্ষমতা উন্নয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের আরও কার্যকর ভূমিকা পালনের উপযোগী করে তোলা।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী বলেন, পুলিশের প্রতিটি সদস্যের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন, পেশাদারিত্ব বজায় রাখা এবং সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে একটি দক্ষ, মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ ফেরদৌস আলী চৌধুরী এবং উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত অনিন্দিতা বড়ুয়াসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

