মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বাকলিয়ায় বাসে তল্লাশি, ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (উত্তর) বিভাগ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৮৬ লাখ ৪০ হাজার টাকা।

- Advertisement -

সিএমপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ অক্টোবর রাত ১১টা ৫০ মিনিটে ডিবি (উত্তর) বিভাগের টিম-০২ ও স্পেশাল টিম-০২-এর সদস্যরা জানতে পারেন, কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে এক মাদক কারবারি মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছেন।

এ তথ্যের ভিত্তিতে ডিবির আভিযানিক দল নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় জিরার্ড ফ্যাশন গার্মেন্টসের বিপরীত পাশে নাহার স্কেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসায়। ২৭ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটে হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো ব-১৫-৭৯৫৪) ওই স্থানে পৌঁছালে দলটি তল্লাশি চালায়।

তল্লাশিতে মো. জালাল উদ্দীন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেখানো মতে, বাসের মালামাল রাখার বক্সে থাকা একটি লোহার হাইড্রোলিক জগের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তার জালাল উদ্দীন (৪৪) কক্সবাজারের টেকনাফ থানার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর ডেইল পাড়ার মৃত হাসেমের ছেলে।

পুলিশ জানায়, জালাল উদ্দীনের বিরুদ্ধে আগে থেকেই মাদক আইনে দুটি মামলা রয়েছে। ২০২৩ সালের ৪ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় (মামলা নম্বর ০৭) এবং ২০১৭ সালের ৯ জুলাই কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) এর ৯(খ)/২৫ ধারায় (মামলা নম্বর ৩৮) মামলা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার জালালের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদক আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও