শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে আবারও ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ট্রাকচালক

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। এ সময় সারবোঝাই ট্রাকসহ চালক মেহেদী হাসান রোমনকে (২৫) আটক করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

পুলিশ জানায়, নরসিংদীর ঘোড়াশাল থেকে সারবোঝাই ট্রাকটি মিরসরাইয়ে আনা হয়েছিল। ঢাকা মেট্রো-ট-১৫-৮৫০১ নম্বরের ট্রাকটি তল্লাশি করে ৩০০ বস্তায় মোট ১৫ টন ইউরিয়া সার পাওয়া যায়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। এসব সার বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের জন্য নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি একটি চক্র মিরসরাইয়ের বঙ্গোপসাগরকে সার পাচারের রুট হিসেবে ব্যবহার করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালককেও আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, গত তিন মাসে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ও আশপাশের এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৫৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও জোরারগঞ্জ থানা-পুলিশ। এর মধ্যে কোস্ট গার্ড ৯৬০ বস্তা এবং জোরারগঞ্জ থানা-পুলিশ ৬০০ বস্তা সার জব্দ করেছে। সর্বশেষ শুক্রবার রাতের অভিযানে আরও ৩০০ বস্তা সার জব্দ করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও