রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এসব স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই নারী বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক জুবাইদা রহমান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যেগুলো প্রতিরোধ করা সম্ভব। কিন্তু স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে এসব রোগ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ যথাযথভাবে নেওয়া হয়নি।
নতুন নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা দেশজুড়ে মানুষের কাছে স্বাস্থ্যবিষয়ক জ্ঞান ও রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা পৌঁছে দিতে সহায়তা করবেন বলে জানান তিনি। সুস্থ বাংলাদেশ গড়তে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং জনসাধারণের আস্থা অর্জনের ওপরও গুরুত্ব দেন জুবাইদা রহমান।
জনস্বাস্থ্য উন্নয়নে গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, গত ১২ বছর ধরে মানুষের কাছে বৈজ্ঞানিক জ্ঞান ও স্বাস্থ্যসেবার সমাধান পৌঁছে দিতে আইদেশি কাজ করছে।
অনুষ্ঠানে আইদেশির প্রতিষ্ঠাতা বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ফিরদৌসী কাদরী প্রতিষ্ঠানটির কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, থ্যালাসেমিয়া, ক্যানসার শনাক্তকরণ এবং জিনগত রোগ, বিশেষ করে জন্মগত বিপাকীয় ত্রুটি নিয়ে গবেষণাসহ জনস্বাস্থ্যের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে আইদেশি। গবেষণাগারের পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীসহ দেশের বিভিন্ন এলাকায় মাঠপর্যায়েও প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।
থ্যালাসেমিয়ার বাহক শনাক্তকরণ নিয়ে গবেষণাকে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য উদ্যোগগুলোর একটি হিসেবে উল্লেখ করেন ফিরদৌসী কাদরী। এ ছাড়া করোনাভাইরাস মহামারির সময় দ্রুত পরীক্ষার সক্ষমতা বাড়ানো এবং ভাইরাসের পরিবর্তন পর্যবেক্ষণের সক্ষমতা গড়ে তোলার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।
ভবিষ্যৎ গবেষণার অগ্রাধিকার হিসেবে মহামারি মোকাবিলার প্রস্তুতি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ক্লিনিক্যাল ট্রায়াল এবং দেশে নতুন চিকিৎসাপণ্য উদ্ভাবনের কথা জানান তিনি। ওষুধ ও টিকা উদ্ভাবনের কাজ দ্রুততর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং ব্যবহারের পরিকল্পনার কথাও জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী চিকিৎসক এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের স্বাস্থ্য খাতের সংস্কার কর্মসূচির কেন্দ্রে গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনকে রাখতে হবে। রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন, ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং গবেষণা ও উন্নয়নের টেকসই পরিবেশ গড়ে তোলাকে তিনি অগ্রাধিকারমূলক পাঁচটি ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস আইদেশিকে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি আণবিক রোগ নির্ণয়, থ্যালাসেমিয়ার বাহক শনাক্তকরণ, সংক্রামক রোগ, টিকা গবেষণা এবং জরায়ুমুখ ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিষ্ঠানটির কাজের প্রশংসা করেন। তরুণ বিজ্ঞানী ও গবেষকদের প্রশিক্ষণে আইদেশির উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
দিনব্যাপী অনুষ্ঠানে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, বাংলাদেশে বায়োলজিক্যাল পণ্যের ভবিষ্যৎ, সংক্রামক রোগ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন আইদেশির চেয়ারম্যান আশফাক কাদরী। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদিরও বক্তব্য দেন।

