চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী তুলে সর্বস্ব লুটে নিচ্ছে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র।
যাত্রী কিংবা চালকের ছদ্মবেশে অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের মুখে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিচ্ছে চক্রের সদস্যরা। এ পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মইজ্জ্যারটেক এলাকায় ট্রাফিক পুলিশের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ সতর্কবার্তা দেন।
ওসি নূর আহমেদ জানান, সাম্প্রতিক সময়ে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র মইজ্জ্যারটেক এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। চক্রের সদস্যরা যাত্রী কিংবা চালকের ছদ্মবেশে সাধারণ মানুষকে অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে যায়।
এরপর অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা মারধর করে সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র ও টাকা হাতিয়ে নেয়। দাবি অনুযায়ী টাকা বা মালামাল দিতে না পারলে যাত্রীদের ওপর হামলা চালানো হচ্ছে। এ ধরনের ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে।
অপরাধ ঠেকাতে সন্ধ্যা ৬টার পর মইজ্জ্যারটেক এলাকা থেকে ছেড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাগুলোর নম্বর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ওসি।
তিনি যাত্রীদের অটোরিকশায় ওঠার আগে গাড়ির সামনের বা পেছনের নম্বর প্লেটের ছবি তুলে রাখার এবং সম্ভব হলে পরিবারের সদস্যদের কাছে পাঠানোর পরামর্শ দেন।
এতে কোনো অপরাধের ঘটনা ঘটলে দ্রুত গাড়ি ও অপরাধীদের শনাক্ত করা সহজ হবে। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
একই সভায় অবৈধ টোকেন বাণিজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মশিউর রহমান।
তিনি বলেন, কর্ণফুলীতে অবৈধ টোকেন বাণিজ্য ও চাঁদাবাজি বন্ধে পুলিশ প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। সড়কে শৃঙ্খলা ফেরানো এবং চালক-মালিকদের হয়রানি বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিআই আরও বলেন, কোনো ধরনের মাসিক বা দৈনিক টোকেন, স্টিকার কিংবা জিপির নামে অবৈধ অর্থ আদায় সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এ ধরনের বাণিজ্য বা চাঁদাবাজিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও শুধু টোকেন না থাকার অজুহাতে কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা বা জব্দের ব্যবস্থা না নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সড়কে কেউ টোকেন বা চাঁদা দাবি করলে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অথবা স্থানীয় প্রশাসনের কাছে সরাসরি কিংবা গোপনে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশ, থানা-পুলিশের সদস্য এবং স্থানীয় সিএনজিচালিত অটোরিকশার চালকেরা উপস্থিত ছিলেন।

