রবিবার, ২২ নভেম্বর ২০২৬

যমুনায় বসছে রাজনৈতিক সংলাপ, শুরু হতে পারে এনসিপিকে দিয়ে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগির রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলগুলোর সঙ্গে পৃথকভাবে মতবিনিময় শুরু হতে পারে।

প্রধানমন্ত্রীর দপ্তর ও সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সংলাপ আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও ক্ষমতাসীন দল বিএনপি।

আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হতে পারে।

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম যুক্তরাজ্য সফর শেষে আজ রোববার সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।

তবে কোন কোন রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার বিষয়বস্তু কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পর্যায়ক্রমে বিভিন্ন দলের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হতে পারে।

প্রধানমন্ত্রীর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে আগে থেকেই একটি স্বাভাবিক ঐক্য রয়েছে।

এখন নতুন করে ঐক্যের প্রয়োজনীয়তা সামনে আসার অর্থ, কোথাও না কোথাও সেই ঐক্যে চিড় ধরেছে। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা খুঁজে বের করে ঐক্যের শক্ত ভিত্তি ও ধারাবাহিকতা নিশ্চিত করা জরুরি।

এর আগে গত ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানানো হয়। তবে শনিবার রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন।

এদিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনার পর রাজনৈতিক ঐক্যের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় ককটেল হামলা, যানবাহন, পুলিশের স্থাপনা, গ্রামীণ ব্যাংকের শাখা এবং বিএনপি নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে দায়ী করছে পুলিশ।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান।

একই দিনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর ওই আহ্বানের ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিএনপি-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ

Your Questions About Seasonal Allergies Answered Clearly

HIV Testing Basics: Preparation and Interpretation

এই বিভাগের আরও