চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন শফিউল আলম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রিল চুরির অভিযোগে ইকবাল হোসেন (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। এ ঘটনায় জড়িত অপর অভিযুক্ত রিয়াদ হোসেন (২৫) পালিয়ে গেছে।
শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতীয় তলার বারান্দা থেকে তিনটি প্লেটবার (গ্রিল) চুরি করা হয়। এসব গ্রিলের মোট ওজন ৩৬০ কেজি।
এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান রিভার প্রজেক্টের সিকিউরিটি অফিসার মো. আমিনুল ইসলাম বাদী হয়ে পালপাড়া এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে রিয়াদ হোসেন (২৫), ও খায়রুল বশরের ছেলে ইকবাল হোসেন (৩৩) এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত মিরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার রাত ৯ টার দিকে নির্মাণাধীন স্কুল ভবনের দ্বিতীয় তলা থেকে বিপুল পরিমান গ্রিল, প্লেটবার ও রড় চুরি করে অটোরিকশা করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় ধাওয়া দিয়ে রিয়াদ হোসেন ও ইকবাল হোসেনকে হাতেনাতে ধরে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইকবাল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় মূল অভিযুক্ত রিয়াদ হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, বিদ্যালয়ের গ্রিল চুরির ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মো. আমিনুল ইসলাম বাদী হয়ে স্কুলের নাইট গার্ডসহ ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

