খাগড়াছড়ি সদরের সাতভাইয়া পাড়ায় ‘বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগো জাদি’ ভবনের প্রথম ধাপের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এমপি।
শুক্রবার (২৭ নভেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক মঙ্গল কামনায় বিশেষ ধর্মীয় প্রার্থনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা।
বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে ঢালাই কাজের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বেলুন উড়িয়ে ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রগতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পাহাড়সহ দেশের মানুষের সুখ-শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এ সময় মন্ত্রী ও সংসদ সদস্যরা জাদি প্রাঙ্গণে নাকশা ফুলের চারা রোপণ করেন। উল্লেখ্য, ঐতিহ্যবাহী এই জাদির প্রতিষ্ঠাতা বান্দরবানের ক্যলমংপাড়ার বাসিন্দা উক্যচিং মার্মা, যিনি কেতু মার্মা নামে পরিচিত।
এদিকে, একই দিন খাগড়াছড়ি সদরে ইংলিশ ভয়েস স্কুল ভবন নির্মাণকাজেরও উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু।

