শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

শুক্রবার

১৯ সেপ্টেম্বর ২০২৫

১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

ফটিকছড়িতে বাসচাপায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের ফটিকছড়িতে দ্রুতগামী বাসচাপায় প্রাণ হারিয়েছেন তুলসী দেবী (৫৫) নামে এক গৃহবধূ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে দরবার কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুলসী দেবী উপজেলার খিরাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাথপাড়ার মৃত পরিমল নাথের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দরবারমুখী একটি দ্রুতগামী বাস তুলসী দেবীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক বাসটি ফেলে রেখে পালিয়ে যায়।

নিহতের ছেলে মিন্টু নাথ বলেন, “ঘটনাস্থলের পাশে আমি পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকি। আমার মা বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।”

অন্য এক প্রত্যক্ষদর্শী কায়েম আব্দুল্লাহ জানান, “দরবার থেকে জেয়ারত শেষে বাইক চালিয়ে ফিরছিলাম। হঠাৎ কমিউনিটি সেন্টারের সামনে দ্রুতগামী বাসটি মহিলাকে চাপা দেয়। মুহূর্তেই তার মৃত্যু হয়।”

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”