শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

২৩ সেপ্টেম্বর ২০২৫

১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

‘অবৈধ বহিষ্কার’ প্রত্যাখ্যান, ছাত্রদল নেতাদের প্রতিবাদ সমাবেশ

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে তিন ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনের একাংশের নেতা–কর্মীরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে পৌর সদরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। সভাপতিত্ব করেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সালমান হায়দার এবং সঞ্চালনা করেন নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন স্বজন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল গফুর জামশেদ এবং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন।

বক্তারা অভিযোগ করেন, কোনো তদন্ত ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। তারা বলেন, “এই বহিষ্কার কার স্বার্থে, কাদের খুশি করার জন্য— মিরসরাইয়ের তৃণমূলের নেতাকর্মীরা তা জানে। বহিষ্কার আদেশ আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”

বিক্ষুব্ধ নেতারা আরও ঘোষণা দেন, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলকে মিরসরাইয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, “আগামীতে কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে তার দাতভাঙা জবাব দেওয়া হবে।”

তাদের দাবি, বহিষ্কার আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় গণপদত্যাগের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশে হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন এবং কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকারকে বহিষ্কার করা হয়।