রবিবার
২৮ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উদযাপনে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পার্শ্ববর্তী দেশ ভারত এবং ফ্যাসিষ্টের দোসররা কিছু অপতথ্য ছড়িয়ে পূজার সময়কে অস্থির করার চেষ্টা করছে। সরকার সেটা কঠোর হাতে দমন করবে।”
তিনি জানান, এ বছর সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় এক হাজার বেশি। এসব মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে এক লাখ সশস্ত্র বাহিনী সদস্য, ৭০ হাজার পুলিশ এবং বিপুল সংখ্যক আনসার। ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে নির্বাচনের বিষয়ে জাতিসংঘকে অবহিত করেছেন। সেই লক্ষ্য সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ২৮৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থাপন করা হয়েছে ২৪টি বেইজ ক্যাম্প। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহল কার্যক্রম চালানো হচ্ছে।
বিজিবির তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী ও পার্বত্য এলাকায় ১৪১১টি এবং সীমান্তের বাইরে ১৪৪৬টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৪৪১টি, চট্টগ্রাম মহানগর ও পার্শ্ববর্তী এলাকায় ৬৯৪টি এবং দেশের অন্যান্য স্থানে রয়েছে ৩১১টি মণ্ডপ।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশেই নিরাপত্তা বলয় জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।