রবিবার
০৫ অক্টোবর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি চট্টগ্রামের এখন টিভির ব্যুরোচীফ সাংবাদিক মোঃ হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপার্সন মোহাম্মদ পারভেজের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
রোববার (৫ অক্টোবর) কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনায় প্রশাসনের কাছে জোর দাবি জানানো হচ্ছে, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল বলেন, “সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এই ধরনের সন্ত্রাসী হামলা শুধু ন্যাক্কারজনকই নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে তথ্য পৌঁছে দেন। তাদের ওপর হামলা সভ্য সমাজে কখনও মেনে নেওয়া যায় না।”
তিনি আরও বলেন, “সন্ত্রাসীরা যেন কোনো রাজনৈতিক দলের আড়ালে আশ্রয় নিতে না পারে, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচির দিকে এগোবে।”
কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল সংস্থা ও প্রশাসনকে সতর্ক করে বলা হয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসীদের কার্যক্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।