সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৯ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মসজিদ রণক্ষেত্রে রূপ নিলো! নামাজের শান্তি ভাঙল, বিএনপি-শিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: নোয়াখালীর সদর উপজেলায় বিএনপি ও জামায়াত–শিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বী অভিযোগ করেন, শনিবার ওই মসজিদে শিবির আয়োজিত দারসুল কুরআন কর্মসূচিতে কিছু যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। এর প্রতিবাদে রোববার আসরের নামাজের পর পুনরায় কুরআন তালিমের কর্মসূচি ঘোষণা করলে ফের সংঘর্ষ বাধে।

তিনি জানান, আসরের নামাজ শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মসজিদে হামলা চালায় এবং তালা মেরে শিবিরের কর্মীদের অবরুদ্ধ করে রাখে। ইটপাটকেল নিক্ষেপে অন্তত ২৫ জন শিবির নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে শহর শিবিরের অফিস সম্পাদক তানভীর সিয়াম, আইন সম্পাদক নাঈম হোসেন, সাথী ছালাউদ্দিন ও মাদরাসা ছাত্রনেতা আরাফাত আলীর অবস্থা গুরুতর।

অন্যদিকে, স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, শিবির মসজিদে দলীয় স্লোগান দিলে তারা বাধা দেন। এ সময় শিবিরের কর্মীরা উল্টো হামলা চালায়। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ১৫ জন নেতাকর্মী আহত হন। গুরুতর অবস্থায় প্রচার সম্পাদক আক্তার হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর ও সাবেক ছাত্রদল সভাপতি জিয়াউর রহমানসহ ৮ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত আছে।”