রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৬ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দোকান না বুঝিয়ে উল্টো ভাঙচুর—মিরসরাইয়ে অভিযোগ দুইজনের বিরুদ্ধে

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে দোকানঘর ভাড়া নিয়ে চুক্তি সম্পাদনের পরও দোকান হস্তান্তর না করে উল্টো দোকানের ডেকোরেশন ভাঙচুরের অভিযোগ উঠেছে সৈয়দ ইকবাল ও রাহাত হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ভাড়াটিয়ারা এখন অসহায় অবস্থায় রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়তাকিয়া বাজারে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের পাশে দোকানঘর ভাড়া নিয়ে গত ২০২৪ সালের জুলাই মাসে মালিক ও ভাড়াটিয়ার মধ্যে লিখিত চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী ১৩ শতাংশ জায়গার ওপর নির্মিত দোকানের পশ্চিমাংশে (দৈর্ঘ্য ২০ ফুট, প্রস্থ ১৬ ফুট) সম্মুখস্থ অংশ এবং সংলগ্ন পশ্চাদভাগে (দৈর্ঘ্য ২৭ ফুট, প্রস্থ ২১ ফুট) নির্ধারিত শর্তে ভাড়া দেওয়ার কথা ছিল।

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দোকান হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী রিয়াজ উদ্দিন বলেন, “আমি ও আবুল হাসনাত জামিল মিলে ১৬ হাজার টাকা মাসিক ভাড়া এবং অগ্রিম ৬ লাখ টাকা পরিশোধ করে বৈধ চুক্তি সম্পন্ন করি। দোকানের অসমাপ্ত কাজ নিজের উদ্যোগে শেষ করলেও কিছু সন্ত্রাসী এসে সেই ডেকোরেশন ভেঙে দেয়।”

তিনি আরও জানান, চুক্তি অনুযায়ী দোকান না পাওয়ায় তিনি ব্যবসা শুরু করতে পারছেন না এবং এতে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাহাত হোসেন বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আসলে তারা ৫ আগস্টের পর দোকান বন্ধ করে পালিয়ে গেছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত কোনো আইনি অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।