সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৯ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

রেফারিকে গোল দিতে দেখিনি”—ঐকমত্য কমিশনকে আক্রমণ সালাহউদ্দিনের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমরা ঐকমত্য কমিশনের কাছে পক্ষপাতমূলক আচরণ আশা করি না। আমরা চাই, অন্তর্বর্তী সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করে—নিরপেক্ষভাবে আচরণ করে এবং তাদের কর্মকাণ্ডে জাতি যেন আশ্বস্ত হতে পারে।”

বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপি আয়োজিত ‘ফ্রম রুল বাই পাওয়ার টু রুল অব ল’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “এতো দিন আমরা ভেবেছিলাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে। কিন্তু কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে দেওয়া সাম্প্রতিক সুপারিশ দেখে মনে হচ্ছে, তারা নিজেরাই একপক্ষ হয়ে গেছে। রেফারিকে আমরা কখনও গোল দিতে দেখিনি, কিন্তু এবার যেন সেটাই ঘটেছে।”

তিনি অভিযোগ করেন, “ঐকমত্য কমিশন, সরকার ও আরও দু-একটি রাজনৈতিক দল মিলে একপক্ষ হয়ে গেছে—আমরাই যেন একমাত্র বিপক্ষে খেলছিলাম। আমাদের মনে হয়েছে, কিছু দলের প্রস্তাব ও কমিশনের চিন্তাভাবনা জাতির ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে।”

ঐকমত্য কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “যেভাবে ঐকমত্যে পৌঁছানো হলো, তা ওই দলিলে নেই। কোথায় ‘নোট অব ডিসেন্ট’ আছে, কারা একমত হননি—এসব কিছুই উল্লেখ নেই। এটি কমিশনের একতরফা প্রস্তাব।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই জাতীয় সনদ অনুযায়ী একই দিনে একটি প্রশ্নে গণভোট হতে পারে—আমরা সে প্রস্তাব দিয়েছিলাম। এতে ভোটারদের অংশগ্রহণ বাড়বে, খরচও কমবে। দুই-একটি দল ছাড়া সবাই এতে একমত হয়েছিল।”

তিনি আরও অভিযোগ করেন, “ঐকমত্য কমিশন ও কয়েকটি দলের প্রস্তাবই এখন সরকারের সুপারিশে প্রতিফলিত হয়েছে। এতে জাতি আরও বিভক্ত হবে, ঐকমত্য নয়।”

সালাহউদ্দিন বলেন, “নির্বাচন কমিশনের কিছু অধ্যায়ে আমরা লক্ষ্য করেছি, উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের অনালোচিত ধারাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অর্ডিন্যান্স পাস করা হয়েছে।”

সেমিনারে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।