রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

প্রশ্নবিদ্ধ আদেশ নয়, সাংবিধানিক পথে চলুন—সালাহউদ্দিন আহমদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, বরং বাস্তবতাকে প্রাধান্য দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

- Advertisement -

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “এমন কোনো পদ্ধতির মধ্যে যেন না যাওয়া হয়, যা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের সাংবিধানিক ক্ষমতা বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার গণভোটের মাধ্যমেই প্রকাশিত হতে পারে। “সংসদ এর বাইরে গিয়ে কোনো আদেশ জারি করলে তা নিয়ে ভবিষ্যতে বিতর্ক তৈরি হতে পারে। তাই সবার ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করা দরকার,” বলেন তিনি।

এনসিপিসহ কয়েকটি দলের এখনো জুলাই সনদে সই না করার প্রসঙ্গে তিনি বলেন, “তাদের কিছু দাবি আছে, আলোচনা চলছে। আশা করি শিগগিরই সমাধান হবে এবং তারা সই করবে। তাতে জুলাই সনদ হবে রাজনীতিতে ঐকমত্যের ঐতিহাসিক দলিল।”

বিএনপির এই নেতা বলেন, “জুলাই অভ্যুত্থানে জনগণের অভিপ্রায় বাস্তবায়নের জন্যই সংবিধানের আশ্রয় নেয়া হয়েছে। এখনো সাংবিধানিকভাবেই এই সরকার পরিচালিত হচ্ছে।”

তিনি আরও বলেন, “এমন কোনো আদেশ বা প্রস্তাব দেয়া যাবে না, যা প্রশ্নবিদ্ধ হয়। ১০-১৫ বছর পরও কেউ যাতে আদালতে গিয়ে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।”

সভায় তিনি ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ও মুখপাত্র ফারুক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী এবং নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও