রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

০১ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী মোকাবিলায় বৈশ্বিক সংহতির আহ্বান দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাহরাইনের মানামায় অনুষ্ঠিত ২১তম আইআইএসএস মানামা ডায়ালগে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চরমপন্থা ও অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় বৈশ্বিক সংহতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, বাংলাদেশের অভ্যন্তরে কোনো অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।

পররাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গোয়েন্দা তথ্য ভাগাভাগি, শক্তিশালী সীমান্ত ব্যবস্থাপনা এবং কার্যকর আর্থিক তদারকির আহ্বান জানান।

তিনি বলেন, অ-রাষ্ট্রীয় গোষ্ঠী সীমান্ত, অবৈধ বাণিজ্য, বাস্তুচ্যুতি ও ডিজিটাল স্পেসকে কাজে লাগিয়ে মৌলবাদী এজেন্ডা এগিয়ে নেয়। চরমপন্থার বিরুদ্ধে লড়াই শেষ পর্যন্ত শ্রেণিকক্ষ, সম্প্রদায় এবং তরুণদের মনে জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখযোগ্যভাবে, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারের সামরিক ও অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর নিপীড়ন থেকে পালিয়ে আসা ১৩ লাখেরও বেশি মানুষকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ইইউ, ন্যাটোসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মন্ত্রী, গণ্যমান্য ব্যক্তি ও প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণ করেন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সারোয়ার এবং মহাপরিচালক (পশ্চিম এশিয়া) মো. হুমায়ুন কবিরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।