শনিবার
০১ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: যে রাজনৈতিক দলের জন্ম গণভোটের মাধ্যমে, তারা কীভাবে গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালায়— এমন প্রশ্ন তুলে বিএনপির অবস্থানকে ‘আত্মঘাতী’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
শনিবার (১ নভেম্বর) রাজধানীর পল্টনে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
তুষার বলেন, ‘সেক্যুলারিজমকে এমন এক টক্সিক জায়গায় আওয়ামী লীগ সরকার নিয়ে গেছে যে এখন বিষয়টি ইসলাম বনাম সেক্যুলারিজমে রূপ নিয়েছে।’
তিনি অভিযোগ করেন, বড় রাজনৈতিক দলের নেতারা আলোচনার টেবিলে এক কথা বলছেন, আর জনগণের সামনে বলছেন ভিন্ন কথা।
১৯৭২ সালের সংবিধান প্রসঙ্গে সারোয়ার তুষার বলেন, ‘বাহাত্তরের সংবিধান সামরিক শাসনের সুযোগ করে দেয়। এটি জনগণের সঙ্গে এক ধরনের জুলুম। অথচ কিছু রাজনৈতিক দল এখনো সেটি টিকিয়ে রাখতে মরিয়া।’
গণভোট ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে তিনি বলেন, ‘বিএনপি “না” ভোটের যে অ্যাকটিভিজম করছে, সেটা আত্মঘাতী। বিএনপির অ্যাকটিভিস্টরা হুমকি দিচ্ছে, তারা ঘরের শত্রু বিভীষণ।’
তার দাবি, বিএনপির ৩৫ শতাংশ নেতাকর্মী ‘না’ ভোটের পক্ষে থাকলেও ৬৫ শতাংশ তৃণমূল ভোটার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।
তুষার বলেন, ‘যে দলের জন্ম গণভোটের মাধ্যমে, তারা কীভাবে আবার গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালায়?’
এনসিপির যুগ্ম আহ্বায়ক আরও বলেন, ‘বিএনপি বলছে, পঞ্চদশ সংশোধনীর মধ্যে থাকা “আল্লাহর ওপর পূর্ণ আস্থা” বাতিল করা হচ্ছে— এটি সম্পূর্ণ মিথ্যা। কমিশন বলেছে, বিষয়টি পরবর্তী সংসদ সিদ্ধান্ত নেবে।’
‘নোট অব ডিসেন্ট’ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর অর্থ হলো আমার দ্বিমত আছে, তবে এগিয়ে যাও— এর বাইরে কোনো তাৎপর্য নেই।’
জুলাই সনদ প্রসঙ্গে সারোয়ার তুষার বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আমরা অনেক কিছু হারিয়েছি। তবে যা রক্ষা করা সম্ভব, তা রক্ষা হবে জুলাই সনদের মধ্য দিয়েই। এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন কোনো একক রাজনৈতিক দল এর বাস্তবায়ন ঠেকাতে না পারে।’