বুধবার
০৫ নভেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: গণসংযোগের সময় অজ্ঞাতনামা অস্ত্রধারীদের গুলিতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বাকলিয়া) আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুরুতর আহত হয়েছেন। তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৫ নভেম্বর) বিকেলে এরশাদ উল্লাহ চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার চালিয়াতলীতে নির্বাচনী গণসংযোগে যান। বিকেল সাড়ে পাঁচটার দিকে চালিয়াতলীর ক্যাম্পিং এলাকায় একদল অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গেই মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। গত সোমবার (৩ নভেম্বর) চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বাকলিয়া) আসনে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।
এ ঘটনায় এরশাদ উল্লাহর সঙ্গী আরও বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে। একটি ভিডিওতে দেখা গেছে, রাস্তায় সাদা রঙের ট্র্যাকস্যুট পরা এক যুবক মাটিতে লুটিয়ে আছেন। তার শরীর থেকে রক্তের স্রোত গড়িয়ে পড়েছে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, ওই যুবক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলা।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘আমরা হাসপাতালে যাচ্ছি। এরশাদ উল্লাহর অবস্থা সম্পর্কে পরে বিস্তারিত জানাতে পারব।’
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, চট্টগ্রাম-৮ আসনে দলীয় মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় ছিলেন। কে বা কারা গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’