রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১২ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“জাতীয় ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন” — সালাহউদ্দিন আহমদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: সরকারের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বৈত দায়িত্বে ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নিরপেক্ষ আচরণের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা আশা করি, সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না, যা জাতিতে বিভাজন বা অনৈক্য সৃষ্টি করবে।”

তিনি আরও বলেন, “এখানে স্পষ্ট স্বার্থের সংঘাত রয়েছে। এই সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। আমরা রাজনৈতিক দল হিসেবে সহযোগিতা করছি, ভোটে অংশ নিচ্ছি, জনগণকে উদ্বুদ্ধ করছি। কিন্তু একই সঙ্গে সরকারপ্রধান ও ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে ড. ইউনূস যে সুপারিশগুলো দিয়েছেন, সেগুলো জুলাই জাতীয় সনদের চেতনা থেকে অনেকটাই সরে গেছে।”

বিএনপির এই নেতা দাবি করেন, গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়ে ঐকমত্য কমিশনে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে, সেটিই জাতীয় সনদ হবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ তা বাস্তবায়ন করবে—এই অবস্থান থেকে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন না।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তিন দফা আলোচনায় অংশ নিয়ে বিএনপি গঠনমূলক প্রস্তাব দিয়েছে।

তিনি বলেন, “জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের আগে আমরা প্রস্তাব দিয়েছিলাম—একটি ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সব দল এই সনদে স্বাক্ষর করুক এবং বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হোক।

সেই অনুযায়ী সনদ প্রণীত হয়, যাতে প্রায় ৮৪টি দফা ছিল। কিছু বিষয়ে দলগুলো নোট অব ডিসেন্ট দিয়েছিল, তবে তা প্রথাগত নয়। প্রত্যেক দল চাইলে তাদের ইশতেহারে বিষয়টি অন্তর্ভুক্ত করে জনগণের ম্যান্ডেট পেলে বাস্তবায়ন করতে পারবে।”