সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২৮ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ভিন্নমতকে শত্রু ভাবা বিপজ্জনক—রাজনীতিতে সহনশীলতার আহ্বান ফখরুলের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই নির্বাচনের জন্য গোটা জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে।

শুক্রবার দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রে ফিরতে হলে আমাদের অবশ্যই একে অপরের মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করতে হবে। ঐক্য থাকবে মূল জায়গায়, কিন্তু ভিন্নতা থাকবেই—এটাই গণতন্ত্রের স্বাভাবিক সৌন্দর্য।”

তিনি আক্ষেপ করে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে এ দেশে কেউ ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়। তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়। এই রাজনৈতিক সংস্কৃতি গণতন্ত্রের জন্য ভয়ংকর। এ জায়গা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে।”

সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সাংবাদিকদের পেশাগত দাবি-দাওয়া আদায়ে তাদের ইউনিয়নের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। মালিকপক্ষ ও সরকারের সঙ্গে আলোচনা করে ন্যায্য অধিকার আদায় করতে হবে।

তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করলে সমস্যার সমাধান সম্ভব নয়। গত ১৫ বছরে ফ্যাসিবাদী কায়দায় পরিকল্পিতভাবে দেশের গণমাধ্যম ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সাংবাদিক নেতৃত্বকে এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে।”

সম্মেলনে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল ও প্রচার সম্পাদক শাহজাহান সাজুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারসহ দেশের ১৮টি অঙ্গ ইউনিয়নের সভাপতি ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দেশব্যাপী সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। বিকেলে সাংগঠনিক বিষয় নিয়ে কর্ম অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।