সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২৯ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘বিদেশ নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই’—খালেদা জিয়া সম্পর্কে ফখরুলের উদ্বেগ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি তুলে ধরে বলেন, আল্লাহর রহমতে তার অবস্থা যদি ‘স্টেবল’ হয়, তখনই বিদেশে নেওয়ার সম্ভাবনা বিবেচনা করা হবে। বর্তমানে তিনি এভার কেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন।

মির্জা ফখরুল জানান, দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ও যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরাও চিকিৎসায় পরামর্শ দিচ্ছেন। শুক্রবার রাতে দুই ঘণ্টারও বেশি সময় ধরে মেডিকেল বোর্ড বৈঠক করেন চিকিৎসকরা। সেখানে খালেদা জিয়ার চিকিৎসা পদ্ধতি, বর্তমান সংকট এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা এমন নয় যে তাকে এ মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা যাবে। তবুও ভিসা, সম্ভাব্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও এয়ার অ্যাম্বুলেন্স-সংক্রান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজন দেখা দিলে এবং তিনি ‘রেডি টু ফ্লাই’ হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

এর আগে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।