সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৫ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘ক্ষমতায় না গিয়েও ক্ষমতার দাপট দেখাচ্ছে একটি গোষ্ঠী’—জামায়াত আমিরের অভিযোগ

শাহরিয়ার মুনির জিসান : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফ্যাসিবাদ বিদায় নিলেও দেশ এখনো ফ্যাসিবাদমুক্ত হয়নি। ক্ষমতায় না গিয়েও কিছু গোষ্ঠী জনগণের ওপর চাঁদাবাজি, দুর্নীতি এবং দাপট দেখাচ্ছে।”

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ২টায় চট্টগ্রামে ৮ দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা ৮ দলের বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়। আগামীর বাংলাদেশ হবে কুরআনের আলোয় আলোকিত কুরআনের বাংলাদেশ। চট্টগ্রাম থেকেই ইসলামের বিজয়ের বাঁশি বাজবে।”

তিনি অভিযোগ করেন, অতীতে ক্ষমতাসীনরা দেশের সম্পদ লুট করে বিদেশে ব্যবসা করেছে। “রাস্তাঘাটে রডের বদলে বাঁশ ব্যবহার হয়েছে, শাপলা চত্বরে উলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে। তারা রক্তাক্ত হাতে ক্ষমতায় এসেছিল, রক্তাক্ত হাতেই বিদায় নিয়েছে।”

তিনি আরও বলেন, “গাড়ি দিয়ে পালানোর সাহসও তাদের ছিল না। সেনাবাহিনী-পুলিশকে অপকর্মে ব্যবহার করতে চেয়েছিল। ফ্যাসিবাদ ফের মাথাচাড়া দিতে চাইলে জনগণ আর তা হতে দেবে না।”

জামায়াত আমির ঘোষণা দেন— ৮ দলের ৫ দফা দাবি না মানা পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। প্রয়োজনে “আরও একটি ৫ আগস্ট” ঘটতে পারে বলেও হুঁশিয়ার করেন তিনি। “ইসলামী রাজনৈতিক শক্তির যে ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্য আমাদের সংসদ পর্যন্ত নিয়ে যাবে।”— বলেন ডা. শফিকুর রহমান।

সমাবেশে বক্তব্য রাখেন— খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁনসহ ৮ দলের শীর্ষ নেতারা।

এছাড়া জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম, ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, মাওলানা শাহজাহান, অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, শাহজাহান চৌধুরীসহ বিভিন্ন ইসলামি দল ও সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন।