রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

১৬ ডিসেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বিজয় দিবসে চট্টগ্রামে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবসে দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রামের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে স্মৃতিস্তম্ভের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এরপর পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান পুষ্পস্তবক অর্পণ করেন।

রাষ্ট্রীয় ও প্রশাসনিক পর্যায়ের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিস্তম্ভ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ ফুল হাতে স্মৃতিস্তম্ভে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

কারও হাতে ছিল ব্যানার, কারও হাতে প্ল্যাকার্ড, আবার কেউ বহন করছিলেন স্বাধীন বাংলার লাল-সবুজ পতাকা। যেন সবাই এক মোহনায় মিলিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় স্মৃতিস্তম্ভে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন।