সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২৬ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপে এসে শুক্রবার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে দলটি। রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৪৩টি আসনের প্রার্থী তালিকা তুলে ধরেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

ঘোষিত তালিকা অনুযায়ী, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবার রংপুর-৩ আসন থেকেই নির্বাচন করবেন। দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী নিজে গাইবান্ধা-১ ও গাইবান্ধা-৫—এই দুটি আসনে প্রার্থী হয়েছেন। এ ছাড়া সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ লালমনিরহাট-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চূড়ান্ত তালিকায় এমন কয়েকজন প্রার্থীর নামও রয়েছে, যাদের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা তৈরি হয়েছে। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত চারজন প্রার্থীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এরা হলেন— কুড়িগ্রাম-১ আসনের পনির উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৮ আসনের ফখরুল ইমাম, নারায়ণগঞ্জ-৩ আসনের লিয়াকত হোসেন খোকা এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জিয়াউল হক মৃধা।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত ২৩ ডিসেম্বর জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণার সময় ফখরুল ইমাম উপস্থিত ছিলেন। শুক্রবার জাতীয় পার্টির সংবাদ সম্মেলনেও তাকে দেখা যায়, যা দলীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে, আগের নির্বাচনে অংশ নেওয়া হলেও এবার ভোটের মাঠে থাকছেন না জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হয়েছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে। এবার সেই আসনে তার প্রার্থিতা নেই।

চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে জাতীয় পার্টি নির্বাচনের মূল পর্বে প্রবেশ করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।