সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও সার্বিক উন্নয়নই হবে প্রধান লক্ষ্য—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি রিটার্নিং অফিসার ইশরাত ফারজানার কাছে ঠাকুরগাঁও-১ আসনের মনোনয়নপত্র জমা দেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সংগ্রাম, রক্তপাত, ত্যাগ ও নির্যাতনের পর বাংলাদেশের মানুষ আবারও ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞ, যাঁরা আবারও তাকে এই আসন থেকে নির্বাচনের সুযোগ দিয়েছেন। জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারলে ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশের উন্নতি, শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী করা, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
বিএনপি মহাসচিব বলেন, মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের সমস্যা সমাধানই তার রাজনীতির অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে তিনি ভোটারদের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
শেষে তিনি দেশবাসী ও ঠাকুরগাঁওবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাকে মানুষের জন্য কাজ করার তৌফিক দান করেন।