বুধবার
২৮ জানুয়ারি ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ঢাকা-১৫ আসন থেকে নির্বাচনের আগ্রহ প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি আর বিভাজনের রাজনীতি করতে চান না। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে শান্তিপূর্ণ ও সম্মানজনক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলে উন্নয়ন নিশ্চিত করাই তার লক্ষ্য।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল হাই স্কুলে ঢাকা-১৫ আসনের গণসংযোগে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ঢাকা-১৫ আসনকে তিনি অন্তর থেকে ধারণ করেন। সারা দেশ নিয়ে যেমন তার স্বপ্ন রয়েছে, তেমনি এই এলাকাকেও ঘিরে আলাদা স্বপ্ন ও দায়িত্ববোধ কাজ করছে। এখানকার প্রতিটি সমস্যা নিজের মনোজগতে তুলে ধরার চেষ্টা করছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, জনগণের রায় ও আল্লাহর মেহেরবানিতে সুযোগ পেলে এই এলাকাকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
প্রতিদ্বন্দ্বীদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এই আসনে একাধিক প্রার্থী রয়েছেন। সবাইকে স্বাগত জানিয়ে তিনি ভদ্র, শান্ত ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান। একই সঙ্গে পারস্পরিক সম্মান বজায় রেখে জনগণের কাছে নিজ নিজ বক্তব্য তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।
এলাকার সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকা-১৫ আসনে জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অভাব রয়েছে। পাশাপাশি মানসম্মত হাসপাতাল, খেলার মাঠ, পার্ক, ওয়াকওয়ে ও ব্যায়ামের উপযুক্ত স্থানও নেই। এসব সমস্যার সমাধানে একটি রূপকল্প তৈরি করা হয়েছে বলে জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই এসব সমস্যার সমাধান করা হবে। এ জন্য এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
সারাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি ফরওয়ার্ড-লুকিং বাংলাদেশ গড়তে চায়। অতীতের বিষয় নিয়ে বিভাজনের রাজনীতি না করে সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনায় সন্তোষ প্রকাশ করে শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি কামনা করেন জামায়াত আমির।