শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে গত বৃহস্পতিবারের আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এদিন অফিস করার সিদ্ধান্ত নেন।
কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধান ভবনে প্রবেশের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র শাসনামলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনেককে নাম ধরে ডেকে কাছে টেনে নিলে উপস্থিত দীর্ঘদিনের কর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
দাপ্তরিক কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। পরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.)-সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোনাজাত শেষে প্রধানমন্ত্রী নির্ধারিত দাপ্তরিক সভায় যোগ দেন।