বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৬ ফেব্রুয়ারি ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ওয়ার্ডভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন চলছে: মেয়র

নিজস্ব প্রতিবেদক: কার্যকর বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে সমন্বিত অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে নগরের যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন–এর মেয়র ডা. শাহাদাত হোসেন

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের খতিবের হাট এলাকায় ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত সড়ক ও ড্রেন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা বাস্তবায়নে টেকসই সড়ক নেটওয়ার্ক, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং শিল্পাঞ্চলভিত্তিক যোগাযোগ অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না।

উদ্বোধন করা প্রকল্পের আওতায় খতিবের হাট এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেনসহ প্রায় ৪ হাজার ১০০ ফুট অবকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।

মেয়র জানান, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে ইতোমধ্যে ২৯ কোটি ৯০ লাখ টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে এবং আরও ২০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি উপ-প্রকল্পের কাজ চলমান রয়েছে।

এদিকে ৫ নম্বর মোহরা ওয়ার্ডের বালি খালের ওপর ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ২০ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি ব্রিজের উদ্বোধন করেন তিনি। কালুরঘাট শিল্প এলাকার সড়ক সম্প্রসারণ, খালের পানিপ্রবাহ বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ ব্রিজ নির্মাণ করা হয়েছে বলে জানান মেয়র।

তিনি আরও বলেন, চট্টগ্রামের শিল্পাঞ্চল, আবাসিক এলাকা ও বাণিজ্যিক জোনকে সমন্বিত সড়ক নেটওয়ার্কের আওতায় আনাই লক্ষ্য। পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে প্রকৌশল, পরিবেশ ও অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনায় নিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।