সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৮ মার্চ ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই চট্টগ্রাম বন্দরে এলএনজি–এলপিজিবাহী জাহাজ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়ায় বাংলাদেশে তেল ও গ্যাস আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এর মধ্যেই চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেছে তেল-গ্যাসবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, রোববার (৮ মার্চ) কাতার থেকে এক লাখ ২৬ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে ‘আল জোর’ ও ‘আল জাসাসিয়া’ নামে দুটি জাহাজ ইতোমধ্যে বন্দরে এসে পৌঁছেছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৯ মার্চ) ‘লুসাইল’, বুধবার ‘আল গালায়েল’ এবং বৃহস্পতিবার ‘লিব্রেথা’ নামে আরও তিনটি জাহাজ বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। সব মিলিয়ে এই পাঁচটি জাহাজে প্রায় তিন লাখ ২৯ হাজার টন এলএনজি রয়েছে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ‘জি ওয়াইএমএম’ নামে একটি এলপিজিবাহী (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করে। ওই জাহাজে ছিল ১৯ হাজার ৩১৬ টন এলপিজি।

এ ছাড়া বৃহস্পতিবার (৫ মার্চ) একটি জাহাজে করে ‘বে ইয়াসু মনোইথিলিন গ্লাইকল’ নামের একটি রাসায়নিক পদার্থ বন্দরে আসে। এই রাসায়নিকটি মূলত প্লাস্টিক বোতল ও টেক্সটাইল শিল্পে ব্যবহৃত হয়।

বন্দর সূত্র আরও জানায়, ‘সেভান’ নামে একটি জাহাজ রোববার চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটিতে রয়েছে ২২ হাজার ১৭২ টন এলপিজি, যা ওমানের সোহার বন্দর থেকে আসছে।

অন্যদিকে ‘লিব্রেথা’ নামের একটি এলএনজিবাহী জাহাজ বর্তমানে হরমুজ প্রণালির ভেতরে অবস্থান করছে এবং প্রণালি অতিক্রমের অপেক্ষায় রয়েছে।