রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১২ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

গণ–অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন: রাষ্ট্রপতি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: মো. সাহাবুদ্দিন বলেছেন, গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। তিনি জুলাইয়ের শহীদদের স্মরণ করেন এবং তাদের সম্মানে গঠিত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি বর্তমান সরকারের নানা উদ্যোগ ও কর্মকাণ্ডের কথাও উল্লেখ করেন।

ভাষণে তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, দেশের অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়েও কথা বলেন। কৃষি ও অর্থনীতির ক্ষেত্রে বর্তমান সরকার জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

তবে ভাষণের শুরুতেই বিরোধী দলের তীব্র প্রতিবাদের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন।

এদিন সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানানোর পর বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-র সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

এ সময় তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন। প্ল্যাকার্ডে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ নানা স্লোগান লেখা ছিল। পরিস্থিতি শান্ত রাখতে স্পিকার সবাইকে সংযত থাকার আহ্বান জানান।

এর আগে হইচইয়ের মধ্য দিয়েই সংসদ কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এবং স্পিকারের পাশে আসন গ্রহণ করেন। বিরোধী সদস্যদের প্রতিবাদের মধ্যেই তিনি ভাষণ শুরু করেন।