রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৪ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ঈদের ছুটি শেষে সচিবালয়ে কাজে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পবিত্র ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ১ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে পৌঁছান। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশান-এর বাসা থেকে রওনা দেন।

সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে তিনি নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং একান্ত সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের ছুটির পর সরকারপ্রধানের এই কর্মব্যস্ততা প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।