বুধবার
০১ এপ্রিল ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাইমদ ও মাদক তৈরির উপকরণসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ৩১ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার এসআই (নিরস্ত্র) শাহনেওয়াজ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ মোহরা এলাকায় অভিযান পরিচালনা করেন। ইস্পাহানী কেজি স্কুল সংলগ্ন পাঁচতলা হোসেন মোল্লার দোকানের পাশের আলী আকবর সাহেবের বিল্ডিংয়ের নিচতলায় এ অভিযান চালানো হয়।
এ সময় ঘটনাস্থল থেকে রিপন চাকমা (২৬), বিপ্লব চাকমা (২৬), টুনি চাকমা (৩৯), কৌশল বিকাশ চাকমা (২৮), বাবুধন চাকমা (২৭) ও রেবিকা চাকমা (২৬) নামের ৬ জনকে গ্রেফতার করা হয়।
তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৫১০ লিটার চোলাইমদ, ১০০০ লিটার গাঁজনকৃত শর্করা জাতীয় তরল পদার্থ (পানি মিশ্রিত), চোলাইমদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, যার মধ্যে ছিল ছিদ্রযুক্ত সিলভারের পাতিল, কড়াই সদৃশ পাতিল, বড় আকারের পাতিল এবং সংরক্ষণের জন্য ব্যবহৃত ৫০টি প্লাস্টিকের সেলাইনের প্যাকেট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা পার্বত্য জেলা থেকে উপকরণ সংগ্রহ করে ভাড়াকৃত বাসায় অবৈধভাবে চোলাইমদ উৎপাদন করছিল এবং সেগুলো চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল।
এ ঘটনায় চান্দগাঁও থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ২৪ (গ)/৩৭ ধারায় মামলা (নং-০২, তারিখ-০১/০৪/২০২৬) দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।