বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকাসক্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরমান উদ্দিন (২৭) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আরমান উদ্দিন উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বাসিন্দা ও মোজাফ্ফর আহামদের ছেলে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে কালিয়াইশ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন।
তিনি বলেন, মাদক সমাজের জন্য একটি বড় অভিশাপ এবং এর বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। যেকোনো মূল্যে মাদক নির্মূলে প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
জানা গেছে, এলাকায় মাদক সেবনের খবর পেয়ে অভিযান চালায় প্রশাসন। এসময় আরমান উদ্দিনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রাথমিক শুনানি শেষে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
আদালত তাকে ৬ মাসের কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।