রবিবার
১৯ এপ্রিল ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় নতুন করে কোনো হাসপাতাল বা স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মেয়র শাহাদাত হোসেন।
রোববার (১৯ এপ্রিল) সকালে নগরীর জামালখান এলাকায় ‘খাল-নালা পরিষ্কার কার্যক্রম’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অবস্থান তুলে ধরেন।
মেয়র জানান, এ বিষয়ে তিনি রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে কথা বলেছেন। “সিআরবিতে গাছ কেটে কোনো হাসপাতাল বা স্থাপনা আমরা করতে দেব না—এটা চট্টগ্রামবাসীও মেনে নেবে না,” বলেন তিনি। মন্ত্রীও এ বিষয়ে একমত হয়েছেন বলে দাবি করেন মেয়র।
তবে বর্তমান রেলওয়ে হাসপাতালকে সংস্কার বা আধুনিকায়নের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। পুরনো অবকাঠামো ভেঙে সেখানে উন্নত হাসপাতাল গড়ে তোলার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।
মেয়র আরও বলেন, নতুন স্থাপনা না করে বিদ্যমান জায়গায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতাল নির্মাণের একটি প্রকল্প পুনরুজ্জীবনের আলোচনা চলছিল। এরই মধ্যে বিষয়টি নিয়ে চট্টগ্রামে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে আবারও উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
এর আগে ২০২১ সালে একই প্রকল্পের বিরুদ্ধে টানা আন্দোলন গড়ে ওঠে। নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে প্রায় ৪৮০ দিন ধরে চলা আন্দোলনের মুখে তখনকার সরকার প্রকল্পটি স্থগিত করতে বাধ্য হয়।
প্রায় তিন বছর পর আবারও সিআরবিতে হাসপাতাল নির্মাণের আলোচনা শুরু হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।