দেশের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে নববর্ষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, দীর্ঘ সময়ের দুঃশাসন পেরিয়ে বাংলাদেশকে পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নগরের সিআরবি শিরীষতলা এলাকায় বর্ষবিদায় ও নববর্ষ বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
মেয়র বলেন, পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার এই সময়ে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ রক্ষায় আরও সচেতন হতে হবে। তিনি গাছপালার গুরুত্ব তুলে ধরে বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ঐতিহাসিক শিরীষগাছের অবদানও তিনি স্মরণ করেন।
করোনাকালের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, তখন মানুষ অক্সিজেনের জন্য বিপুল অর্থ ব্যয় করেছে, অথচ প্রকৃতি আমাদের প্রতিনিয়ত বিনামূল্যে অক্সিজেন দিচ্ছে। তাই পরিবেশ রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, একসময় সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ প্রতিহত করতে স্থানীয়রা দীর্ঘদিন আন্দোলন চালায়, যা পরিবেশ সচেতনতার উজ্জ্বল দৃষ্টান্ত। যদিও এলাকা রেলওয়ের অধীন, তবুও এটি রক্ষার দায়িত্ব চট্টগ্রামের প্রতিটি নাগরিকের।
নতুন প্রজন্মের উদ্দেশে মেয়র বলেন, বাংলা মাস ও ছয় ঋতুর ঐতিহ্য সম্পর্কে তাদের জানাতে হবে। সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে সংযোগ না থাকলে দেশপ্রেম গড়ে ওঠে না।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

