শনিবার
০২ মে ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: বেতন ও অতিরিক্ত কর্মঘণ্টার (ওভারটাইম) মজুরির দাবিতে চট্টগ্রামে অবরোধ কর্মসূচি পালন করেছেন আজিম গ্রুপের সোয়েটার কারখানার শ্রমিকরা। টানা প্রায় ছয় ঘণ্টা সড়ক অবরোধের পর শনিবার বিকাল সোয়া ৫টার দিকে তারা সড়ক ছেড়ে দিলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, সকাল ১১টার দিকে নগরের আরাকান সড়কের সিঅ্যান্ডবি মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শ্রমিকরা।
এতে বহদ্দারহাট থেকে কালুরঘাটমুখী গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে রাঙ্গুনিয়া, বোয়ালখালী ও রাঙামাটির কাপ্তাই উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।
চান্দগাঁও থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন জানান, শ্রমিকদের বকেয়া পরিশোধের বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে থানায় বৈঠক চলছে। তিনি বলেন, “শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যাওয়ায় এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।”
বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, তাদের চার মাসের অতিরিক্ত কর্মঘণ্টার মজুরি এবং দেড় মাসের বেতন বকেয়া রয়েছে। বহুবার দাবি জানানো হলেও মালিকপক্ষ শুধু আশ্বাস দিয়ে গেছে, বাস্তবায়ন করেনি। বাধ্য হয়েই তারা সড়কে নেমেছেন বলে জানান শ্রমিকরা।
পুলিশ সূত্রে জানা যায়, কালুরঘাট ভারী শিল্প এলাকায় অবস্থিত আজিম গ্রুপের দুটি সোয়েটার কারখানায় প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। বকেয়া মজুরি পরিশোধের দাবিতে সকাল থেকেই কারখানার সামনে বিক্ষোভ শুরু হয়, যা পরে সড়ক অবরোধে রূপ নেয়।
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, মালিকপক্ষ জানিয়েছে কয়েক মাস ধরে তাদের কোনো নতুন অর্ডার নেই। তারপরও তারা শ্রমিকদের বেতনভাতা পরিশোধের চেষ্টা করেছে। তবে ওভারটাইম মজুরি বকেয়া থাকায় শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।
অবরোধ চলাকালে শিল্প পুলিশ ও নগর পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। বিকাল ৫টার পর উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসে পুলিশ। সংশ্লিষ্টরা আশা করছেন, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে।