রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০১ জুন ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি সুশাসনই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইস্যুতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়; দীর্ঘমেয়াদে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল দায়িত্ব।

সোমবার (১ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকট শুরু হওয়ার পর আমদানিনির্ভর দেশগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে জ্বালানির দাম সমন্বয় করেছে। তবে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে আগের মূল্য কাঠামো বজায় রেখেছে।

তিনি বলেন, বাংলাদেশকে জ্বালানি আমদানির ওপর নির্ভর করেই চলতে হয়। ফলে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকারকে সিদ্ধান্ত নিতে হয়।

মন্ত্রী আরও জানান, অর্থনীতি ও জ্বালানি খাতের পরিস্থিতি মূল্যায়নে অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ-এর নেতৃত্বে একটি পরামর্শ কমিটি কাজ করছে এবং সরকারের নীতিনির্ধারণে তাদের সুপারিশ বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দীর্ঘদিন সরকার জ্বালানির দাম বাড়ায়নি। কিন্তু বৈশ্বিক সংকট পুরোপুরি কাটেনি। তাই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ জরুরি।

তথ্যমন্ত্রী বলেন, “সরকারকে এমনভাবে পরিচালনা করতে হয় যাতে তা শুধু তাৎক্ষণিক জনপ্রিয়তা নয়, বরং দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি ও সুশাসনের স্বার্থ রক্ষা করে।”