শনিবার
৩০ আগস্ট ২০২৫
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় তিন ঘণ্টা চট্টগ্রামমুখী ট্রেন চলাচল বন্ধ ছিল।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী মূল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিকল্প হিসেবে ঢাকামুখী লাইন ব্যবহার করে উভয়মুখী ট্রেন চলাচল অব্যাহত রাখা হয়। পরে বিকাল ৩টার দিকে উদ্ধারকারী দল লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাইনচ্যুত বগি দ্রুত সরিয়ে নেওয়ায় বিকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।”
বড়তাকিয়া রেলস্টেশন মাস্টার মো. শামসুদৌহা জানান, উদ্ধারকারী টিম এসে তৎপরতার সঙ্গে লাইনচ্যুত বগি অপসারণ করেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।