রবিবার
১৪ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চবি প্রতিনিধি:: চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনেই ভিপি পদে ৭ জনসহ মোট ২৬ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
তিনি বলেন, “আজ মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন ছিল। কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৬ জন এবং হল সংসদ পদে ২ জন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে ৭ জন, জিএস ও এজিএস পদে ২ জন করে মনোনয়ন ফরম নিয়েছেন।”
এ সময় নির্বাচন কমিশনার আরও জানান, এখন পর্যন্ত নির্বাচন ঘিরে সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম বিতরণ চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।
চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৭ জন।