সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১৬ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“আগুনের ভেতর থেকে জীবনের ডাক—রক্ষা পেল ৭০০ শ্রমিক

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ার আগেই ভবনের সব শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

ইউএস-ভিত্তিক এই কারখানায় প্রায় ৭০০ শ্রমিক কাজ করতেন। আটতলা ভবনের সপ্তম তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, “কারখানাটিতে আধুনিক ফায়ার সেফটি সিস্টেম ছিল। তাই আমাদের কর্মকর্তারা সময়মতো সবাইকে নিরাপদে বের করে আনতে সক্ষম হয়েছেন।”

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে,
নগরের সাতটি ফায়ার স্টেশনের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সহযোগিতা করছে নৌবাহিনী, বিমানবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নৌবাহিনীর ছয়টি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন,
“চতুর্দিকে বৈদ্যুতিক তারের জটলা, প্রবেশপথ সংকীর্ণ—
তবু আমরা টিটিএল (Turntable Ladder) ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছি। ইতিমধ্যে ২০–২৫ জনকে উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, “ভবনের নিচতলায় তৈরি পণ্যের গুদাম ছিল, দ্বিতীয় ও তৃতীয় তলায় শ্রমিকরা কাজ করতেন,
আর চতুর্থ থেকে সপ্তম তলায় ছিল গাউন তৈরির উপকরণ।”

রাত পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও
ফায়ার সার্ভিস বলছে— সমন্বিত প্রচেষ্টায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।