সোমবার
২০ অক্টোবর ২০২৫
১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের বারৈয়ারহাট পৌরসভার সাবেক মেয়র ও মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম খোকনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে রেজাউল করিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে কমিশন। অনুসন্ধানে দুদক দেখতে পায়, তিনি সম্পদ বিবরণীতে ১১ লাখ ৪৪ হাজার ৪১০ টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন এবং জ্ঞাত আয়বহির্ভূতভাবে ১ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৬৭৩ টাকার সম্পদ অর্জন করেছেন।
প্রাথমিক অনুসন্ধানে আরও জানা যায়, মাত্র পাঁচ বছরে রেজাউল করিম নিজের ও পরিবারের সদস্যদের নামে ১ কোটি ৪৩ লাখ টাকারও বেশি স্থাবর সম্পদ অর্জন করেছেন, যা তার ঘোষিত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
দুদকের প্রতিবেদন অনুযায়ী, ২০১০-১১ করবর্ষ থেকে তিনি নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করলেও ১৫ বছরে তার বৈধ আয় ছিল ১ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ৪১২ টাকা। কিন্তু একই সময়ে তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ৮৪৮ টাকা।
ফলে বৈধ আয়ের উৎসের বাইরে তিনি প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন বলে দুদক মনে করছে। কমিশনের অনুসন্ধান প্রতিবেদনে আরও বলা হয়, আসামি ইচ্ছাকৃতভাবে সম্পদ বিবরণীতে আংশিক তথ্য গোপন করে মিথ্যা ঘোষণা দিয়েছেন।
তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা পরবর্তী ধাপে আমলে নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ সালের ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।