বুধবার
২২ অক্টোবর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জুলাই সনদে সই করার আহ্বান জানিয়েছে সরকার। বুধবার (২২ অক্টোবর) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনায়’ অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির শীর্ষস্থানীয় চার নেতা—আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ সম্পর্কে তারা (সরকার) আমাদেরকে সনদে সই করার আহ্বান জানিয়েছে। আমরা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছি।”
তিনি জানান, নির্বাচনী জোট বা অংশগ্রহণ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি, তবে জুলাই সনদ বাস্তবায়নকে তারা ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে দেখছেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদলও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে বিএনপি নির্বাচন পূর্ববর্তী সময়ে সরকারকে ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়কের ভূমিকা’ নেওয়ার আহ্বান জানায় এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যদি দলীয় কেউ থাকেন, তাদের অপসারণের দাবি তোলে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই সনদে এনসিপির অংশগ্রহণ সরকার ও মধ্যপন্থী দলগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতার পথ আরও সুগম করতে পারে।