সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

০১ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সমবায়ের মাধ্যমে গড়ে উঠবে আত্মনির্ভর বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমেই একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

শুক্রবার (৩১ অক্টোবর) ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান, কুটিরশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন।

তিনি বলেন, “‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এ প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় সমবায় দিবস উদযাপন হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সব সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সফলতা আনতে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত করা অপরিহার্য। সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে সেই লক্ষ্য অর্জন সম্ভব। তার মতে, সমবায় শুধু আর্থিক প্রতিষ্ঠান নয়—এটি সমাজের নানাবিধ সমস্যা সমাধানে এক কার্যকর সামাজিক আন্দোলন।

ড. ইউনূস বলেন, “সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সমবায়ের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নের পথে সমবায়ের ভূমিকা অপরিসীম।”

প্রধান উপদেষ্টা ‘৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫’-এর সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন এবং সমবায় আন্দোলনের মাধ্যমে একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।