মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


টেকনাফে সাগর পথে পাচারের সময় ৮ নারী ও শিশুকে উদ্ধার করেছে বিজিবি।
চট্টগ্রাম জার্নাল ডেস্ক: মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে আফাজ উদ্দিনের কন্যা আসমা (১৯), আব্দুল মোতালেবের কন্যা শাবনূর (২০), নুরুল হাজিমের স্ত্রী জহুরা (৪৩), মৃত আফাজ উদ্দিনের স্ত্রী সাহারা খাতুন (৬২) সহ মোট ৪ মানব পাচারকারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় দায়ের করা মামলায় মৃত আফাজ উদ্দিনের সন্তান আব্দুল মোতালেব ওরফে কালা বহদ্দারকে (৩০) পলাতক আসামি করা হয়েছে। আটক ও পলাতক সকলেই সাবরাং ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড পানছাড়ি পাড়ার বাসিন্দা।
টেকনাফ ব্যাটালিয়ন-২ অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সাবরাং ইউনিয়নের পানছড়ি এলাকার আব্দুল মোতালেব প্রকাশ কালা বহদ্দারের বসতঘরটি ঘিরে ফেলা হয়। পরে তল্লাশি করে মানবপাচারকারী ৪ নারীকে আটক এবং ৮ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের কয়েকজন সুকৌশলে পালিয়ে যায়। উদ্ধার ৮ জন ভুক্তভোগীই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের কার্ডধারী সদস্য।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃতদের প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।