বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫

১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

কক্সবাজারে জন্মের এক ঘণ্টার মধ্যেই ছেলেকে রেখে না–ফেরা পথে পিতা

কক্সবাজারে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা—একদিকে নতুন প্রাণের আগমন, অন্যদিকে সেই শিশুটির জন্মের এক ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তার পিতা। আনন্দ আর শোকের এই নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি দরিদ্র পরিবার।

অনলাইন ডেস্ক : নাইক্ষ্যংছড়ির বাঁইশারী ইউনিয়নের করলিয়ামুরা এলাকার নুরুল আলমের ছেলে মো. শাহাজাহান (৩২) পেশায় ছিলেন রাবার বাগানের শ্রমিক। রোববার রাতে খাবারের পর পানি ভেবে ভুলক্রমে এসিড পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে স্থানীয় চিকিৎসা নিলেও অবস্থার দ্রুত অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর রাতেই মৃত্যুবরণ করেন শাহাজাহান।

শাহাজাহান হাসপাতালে জীবনের সঙ্গে লড়াই করছিলেন, আর ঠিক সেই সময়েই তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ছিলেন প্রসব বেদনায় ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বামীর সংকটাপন্ন অবস্থার খবর তিনি জানতেন না। রাত ৩টার দিকে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। নবজাতকের আগমনে পরিবারে সামান্য আনন্দের ছোঁয়া এলেও এক ঘণ্টার মধ্যেই সেই সুখ মুছে যায় পিতার মৃত্যু সংবাদে।

স্বজনদের ভাষায়, “একদিকে নতুন শিশুর কান্না, অন্যদিকে শাহাজাহানের নিথর দেহ—এক মুহূর্তে সুখ-দুঃখ মিলেমিশে গেল।” জন্মের প্রথম আলো দেখেই বাবাকে হারানো নবজাতকটি যেন পৃথিবীতে প্রথম পাঠেই শোকের সত্যটা শিখে নিল।

পরিবারটি বর্তমানে গভীর শোক ও হতাশায় ভেঙে পড়েছে।